শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
রাস্তায় চলাচলের সময় উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলো ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। সেই প্রতিবাদের জেরে দিনের আলোয় তার বাড়িতে ঢুকে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বোন বাদী হয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই শিক্ষার্থীকে ইভটিজিং করা হলে সে এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি পরে দিনের আলোয় তার বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের বাবার নাম খোকন এবং মায়ের নাম শারমিন। তাঁদের বাড়ি কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গালকাটা এলাকায়। তবে অভিযুক্ত ব্যক্তি ছোটবেলা থেকেই মাধবদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর থেকে ওই স্কুলছাত্রী ও তার পরিবার আতঙ্কে রয়েছে। পরিবারের দাবি, হামলার পর শিক্ষার্থীটি মানসিকভাবে ভেঙে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে সে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। ফের হামলার আশঙ্কায় পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্যে রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।