মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার রানীনগর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ ফারজানা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার চকাদিন এলাকায় পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’ নামের ইটভাটার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ধার্য্য করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল মোতায়েন ছিল।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।