আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সান্তাহার পৌরসভার উদ্যোগে সিএসডি ও এলএসডি খাদ্য গুদাম চত্বরে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।