আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
ঢাকা থেকে ছেড়ে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহার রেল স্টেশনের অদূরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আনা হয়েছে দুইি উদ্ধারকারী ট্রেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহার জংশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেছে আর সৈয়দপুর থেকে আরও একটি উদ্ধার ট্রেন রাত সাড়ে ৮টায় এসে কাজ শুরু করেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর আড়াই দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে অদুরে বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী ও পাকশী থেকে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকশী রেলওয়ে বিভাগ। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান,পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মইন উদ্দিন সরকারকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে মেকানিক্যাল, সিগন্যাল এবং ট্রান্সপোর্টেশন বিভাগের প্রধান প্রকৌশলীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এ বিষয়ে বিষয়ে ডিআরএম আবু হেনা মোস্তফা আলম বলেন, ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুই টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব ট্রেন উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।