তাজমিনুল তরুন ঠাকুরগাঁও :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ নির্ধারিত সময়ের মধ্যে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মী, দলীয় সমর্থক ও শুভানুধ্যায়েরাও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।
এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এ আসন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।