নিজস্ব প্রতিনিধ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ নং জুঁইদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ খুরশেদ আলম অভিযোগ করেছেন যে, তার স্ত্রী জুলেখা আক্তারকে তার ভাই-বোনের প্ররোচনায় ঘর থেকে নিয়ে যাওয়া হয়েছে।
খুরশেদ আলম জানান, তিনি ২০১১ সালে ইসলামি শরিয়ত অনুযায়ী জুলেখা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে—তাজনুবাজ, তাছিন সানিয়া, রিসা আক্তার ও সেখাউদ হোসেন সাহিন। দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে সংসার করে আসছিলেন এবং সংসারে তেমন কোনো বিরোধ ছিল না বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ অনুযায়ী, গত ২৯ এপ্রিল রবিবার তিনি প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে গেলে তার শালী জয়নাব আক্তার হঠাৎ তাদের বাড়িতে এসে কোনো পূর্ব জানানোর ছাড়াই তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান।
পরবর্তীতে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, তার স্ত্রীর বড় ভাই এরফান তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
খুরশেদ আলম আরও জানান, পরদিন তিনি স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে আনার জন্য শ্বশুরবাড়িতে গেলে সেখানে তাকে হেনস্তার শিকার হতে হয়। তার দাবি, শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে জানানো হয় যে, তার স্ত্রী ও সন্তানদের আর তার কাছে ফেরত দেওয়া হবে না এবং তার সংসার ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন মামলা দেওয়ার ভয়ভীতিও দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “আমি বারবার অনুরোধ করেছি, যেন আমার সংসারটি নষ্ট না করা হয়। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।