(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামানসহ উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।
সরকারের এ উদ্যোগের ফলে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদ খরচ কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।