দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোঃ মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে উপজেলার তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের মোঃ ইসাহাক আলীর ছেলে।
পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় তাঁর মাথা পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।