
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে মারধরের শিকার চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে পিটুনিতে নিহত হয়েছেন রুহুল আমিন (৩৫) নামের এক যুবক। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের মরদেহ নিয়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (নাউয়ার মোড়) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত রুহুল আমিনের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন রইচ উদ্দিন, নিহতের ভাই রাশেদ, রফিকুল ইসলাম ও শাহিনুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা।
যেভাবে ঘটনার সূত্রপাত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের সামিউল মুন্সির গোয়ালঘর থেকে একটি গরু হারিয়ে যায়। শুক্রবার সকালে ফুলবাড়ী পৌরবাজারে অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদকে (২৭) ওই গরুসহ আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে তাঁকে অম্রবাড়ী গ্রামে নিয়ে গরু চোর সন্দেহে মারধর করা হয়। এ সময় তাঁর চাচাতো ভাই একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন প্রতিবাদ করলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। এতে রুহুল আমিনের মাথায় গুরুতর আঘাত লাগে।
প্রথমে তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), তাঁর ছেলে মহিন আলী (২০), মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) এবং তাঁর ভাই রাশেদ ইসলাম আহত হয়েছেন।
এলাকায় উত্তেজনা, অভিযুক্তরা পলাতক
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামিম হোসেন বলেন, “বিষয়টি অমানবিক। কেউ অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।” নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চোর সন্দেহে অম্রবাড়ী এলাকায় রুহুল আমিনকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।