তাজমিনুল তরুন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় এক অজ্ঞাতপরিচয় তরুণীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশের তত্ত্বাবধানে আছেন। তার প্রকৃত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
জানা গেছে, একটি আনাস পরিবহনের বাসের চালক ও হেলপার লাহিড়ী এলাকায় ওই তরুণীকে অসুস্থ ও অসহায় অবস্থায় দেখতে পান। মানবিক দৃষ্টিকোণ থেকে তারা প্রথমে তাকে খাবারের ব্যবস্থা করে দেন। পরে স্থানীয়দের পরামর্শে বিষয়টি বালিয়াডাঙ্গী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর সঙ্গে কথা বলে তার নাম-পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করা হলেও তিনি যে তথ্য দিয়েছেন, তার সঙ্গে বাস্তবে কোনো মিল পাওয়া যায়নি। এ কারণে তার পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে নেশাজাতীয় কোনো পদার্থ খাওয়ানো হয়ে থাকতে পারে, যার কারণে তিনি স্বাভাবিকভাবে নিজের পরিচয় দিতে পারছেন না।
এদিকে, প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা, ওই তরুণীর বাড়ি সুনামগঞ্জ জেলায় হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই তার প্রকৃত পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
ছবিতে থাকা এই তরুণীকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবার-পরিজন সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে দ্রুত বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।
মানবিক আবেদন: পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এই তরুণীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।