
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে জব্দ করা মোট ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস করেছে প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদককারবারীদের কাছ থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। পরবর্তীতে ১৫১টি মামলার আলামত হিসেবে মালখানায় সংরক্ষণ করা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫১টি মামলায় জব্দ হওয়া মোট ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আদালতের নির্দেশনা অনুযায়ী আজ ধ্বংস করা হয়েছে। মাদকের অপব্যবহার রোধে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।