
মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহসভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ওই গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, রাকিবুল ইসলাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭, ঢাকার সিআর মামলা নম্বর-২২২/২৫ (রমনা)-এর ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের পরোয়ানার ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।