মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :
ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠান হবে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার কেন্দ্র। এখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া উচিত নয়। দল-মতনির্বিশেষে সবাইকে এসব প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শফিকুল হক মিলন বলেন, “এই আল্লাহর ঘরকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে রাখব। এখানে যেন কোনো ধরনের রাজনীতি ঢুকতে না পারে, আমরা কেউ তা হতে দেব না। আমি করতে চাইলেও আমাকে আপনারা করতে দেবেন না, আর অন্য কেউ করতে চাইলেও তাকে দেবেন না। সবাই মিলে এর পবিত্রতা রক্ষা করব।”
তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা ও আদর্শ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং ধর্মীয় মূল্যবোধকে ধারণ করা প্রত্যেকের দায়িত্ব। মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সবার সহযোগিতা এবং মহান আল্লাহর রহমতে মাদ্রাসার উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সমাজের বর্তমান পরিস্থিতি ও শিশু-কিশোরদের বিপথগামিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরও বেশি যত্নশীল ও সচেতন হতে হবে। তাদের চলাফেরা, বন্ধুবান্ধব ও কর্মকাণ্ডের খোঁজখবর রাখতে হবে। শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন সমাজে খুব বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চাদের লোভ-লালসা দেখিয়ে গাড়িতে আগুন দিতে ও মানুষের বাড়ি পোড়াতে বলা হচ্ছে। এভাবে তাদের বিপথগামী করা হচ্ছে। সবাই এসব বিষয়ে একটু খেয়াল রাখবেন।”
তিনি অভিভাবকদের সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার সভাপতি মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহিন রেজা শান্নান, মাদ্রাসার প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন, যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়াল, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল ও বিএনপি নেতা সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের সঙ্গে নিয়ে আবাসিক ভবনের বেজ ঢালাই কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।