মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোটার:
রাজশাহীর তানোরে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বাধাইড় ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করা হয়।
‘দুটি গ্রামীণ জেলায় অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষার প্রসার’ শীর্ষক কর্মসূচির আওতায় আয়োজিত সভায় ইডিসি সদস্য, শিক্ষা ফোরামের সদস্য, স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মোল্লা। সঞ্চালনা করেন সঞ্জয় (ইও)। এ সময় গীতা মাহাতো (ইএসও), সোনিয়া খাতুন (pt) জুমারপাড়া, ইউপি মেম্বার সহ
সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বাধাইড় ইউনিয়ন পরিষদের সচিব এবং সাংবাদিক মমিনুল ইসলাম মুনও উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, তানোর উপজেলায় শিশুদের শিক্ষা ও সার্বিক বিকাশে প্রি-প্রাইমারি পর্যায়ের কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেকআপের ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া উপজেলার শিবরামপুর ও জুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেসব শিশু পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের চিহ্নিত করে বাড়ি বাড়ি পরিদর্শনের (হোম ভিজিট) মাধ্যমে বিশেষ যত্ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
শিশুদের শিক্ষার প্রতি অভিভাবকদের সচেতনতা বাড়াতে মা সমাবেশেরও আয়োজন করা হচ্ছে। এসব সমাবেশে শিশুদের পড়াশোনার অগ্রগতি, স্বাস্থ্য ও পরিচর্যার বিষয়ে মায়েদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ মায়েদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ের উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সামাজিক সংগঠনগুলোর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে পিছিয়ে পড়া ও বিশেষ সহায়তা প্রয়োজন এমন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আয়োজকদের মতে, স্থানীয় পর্যায়ে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষার প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হলে গ্রামীণ এলাকার শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব হবে।
কর্মসূচিটি চাইল্ড এইড নেটওয়ার্ক এবং নেটজ অ্যালায়েন্স ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।