সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেরিন সুলতানা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে মেরিন সুলতানা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলার সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিভিন্ন ইউনিটের ইনচার্জদের নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় কর্মকর্তাদের বক্তব্য শোনার পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মেরিন সুলতানা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। ঝালকাঠিতে যোগদানের আগে তিনি ঢাকা এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্ণিল কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন নবাগত এই পুলিশ সুপার।
ঝালকাঠি জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।