
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠিতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর পালিত বাবার বিরুদ্ধে। একই তরুণীর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আরও এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। মামলার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ অক্টোবর ঝালকাঠি সদর থানায় মামলাটি করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং একই এলাকার বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি তাঁর মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। পরে তাঁর মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর মা, কামাল খলিফা ও ওই তরুণী একই বাড়িতে বসবাস করতেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কামাল খলিফা বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। গত ১ এপ্রিল সকালে তরুণীর মা ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে কামাল খলিফা তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি প্রকাশ করলে ক্ষতি করার ভয় দেখানো হয়। এরপরও বিভিন্ন সময় একই ধরনের ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, প্রায় তিন মাস আগে কামাল খলিফার আত্মীয় ও পরিচিত বেল্লাল হোসেন হাওলাদার একটি ঘটনার সময় মোবাইল ফোনে ওই তরুণীর ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে বেল্লাল হোসেন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপরও বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁকে অনৈতিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রয়েছে।
পরে তরুণী তাঁর মায়ের কাছে বিষয়টি জানান। এরপর মা-মেয়ে থানায় গিয়ে মামলা করেন।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে মামলায় করা অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।