শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মনু মিয়া এবং উসমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আব্দুল মান্নান মনুকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট কুলিয়ারচরের বাজরা বাসস্ট্যান্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয় মো. নুরুজ্জামানকে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ অক্টোবর কুলিয়ারচরের গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার শান্তি মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ ঘটনায় ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় অভিযুক্ত হিসেবে মো. নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে বুধবার দুপুরে গ্রেপ্তার দুজনকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।