শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (১নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত যুব দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১টা থেকে শুরু হয় যুব সমাবেশ, র্যালি, আলোচনা সভা। এরপর ২১ দিন মেয়াদী "পোশাক তৈরী" বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
শুরুতে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে যুব সমাবেশের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হকের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি শুরু করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ২১ দিন মেয়াদী "পোশাক তৈরী" বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কমল কান্তি মল্লিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোছা. শরিফুন্নেছা শুভ্রা, মো. আলী সোহেল, লোকমান হোসাইন এবং নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও যুবরা।