আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাজারো বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান নিয়ে প্রশ্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি দাবি
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশন পরিচালিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে লোক খোঁজার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কর্মসংস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
যে আনোয়ারায় হাজার হাজার শিক্ষিত ও অশিক্ষিত তরুণ-তরুণী বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ কতটুকু নিশ্চিত করা হচ্ছে—এ প্রশ্ন এখন স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, কেইপিজেডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আনোয়ারার বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকার দিতে হবে।
একজন শ্রমিক নেতা বলেন, “আমরা রাঙামাটির শ্রমিকদের কর্মসংস্থানের বিরোধী নই। দেশের প্রতিটি নাগরিকের কাজের অধিকার রয়েছে। তবে স্থানীয় শিল্পাঞ্চলে স্থানীয় বেকার জনগোষ্ঠীর ন্যায্য কর্মসংস্থানের সুযোগ উপেক্ষিত হওয়া উচিত নয়।”
তিনি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয়দের অংশগ্রহণ, নিয়োগের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
প্রয়োজনে স্থানীয় বেকার জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন তিনি।
**স্থানীয় কর্মসংস্থান নিশ্চিত করতে হবে—এটাই দাবি, এটাই ন্যায্য অধিকার।